গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ এ ০৯:১৭ PM
কন্টেন্ট: পাতা
অধ্যাপক ডা. নাসরিন সুলতানা
পরিচালক
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), মহাখালী, ঢাকা, বাংলাদেশ
অধ্যাপক ডা. নাসরিন সুলতানা বাংলাদেশের জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ অঙ্গনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি বর্তমানে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম),মহাখালী,ঢাকার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল থেকে এমবিবিএস এবং নিপসম থেকে এপিডেমিওলজি বিষয়ে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের একজন সদস্য হিসেবে তিনি দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোনা মেডিকেল কলেজ, পটুয়াখালী মেডিকেল কলেজ এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। নিপসমেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।
এপিডেমিওলজি, মাতৃ ও শিশুস্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি, টিকাদান, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং কমিউনিটি স্বাস্থ্য তাঁর বিশেষ আগ্রহের ক্ষেত্র। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত একাধিক গবেষণা প্রবন্ধের লেখক ও সহ-লেখক এবং জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
পরিচালক হিসেবে তিনি নিপসমকে জনস্বাস্থ্য শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ক্ষেত্রে একটি জাতীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎকর্ষের কেন্দ্রে আরও শক্তিশালী করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর নেতৃত্বে একাডেমিক উৎকর্ষ, গবেষণা, উদ্ভাবন এবং জনস্বাস্থ্য নেতৃত্ব বিকাশের মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে নিপসমের অবদান আরও সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।